চলে যাও, চলে যাও, দেশকে রেহাই দাও – ফখরুল চলে যাও, চলে যাও, দেশকে রেহাই দাও – ফখরুল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

চলে যাও, চলে যাও, দেশকে রেহাই দাও – ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলে যাও, চলে যাও, রেহাই দাও বাংলাদেশকে। আমাদের পরিষ্কার কথা, অবিলম্বে পদত্যাগ কর। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ‍উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সভায় মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। কীভাবে অধিকার আদায় করতে হয়, তা দেশের মানুষ জানে।

নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের জন্য দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আর সময় নেই। আগামী দিনের জন্য নিজেদের তৈরি করুন। আসুন, আমরা নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়াই। আসুন, আমরা জনগণকে আমাদের সঙ্গে নিয়ে আসি, জাতীয় ঐক্য সৃষ্টি করি।

ফখরুল বলেন, আওয়ামী লীগের বড়-ছোট-পাতি নেতাদের চলাফেরা, চাল-চলন দেখেছেন নিশ্চয়। রাতারাতি সব আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তাদের হাতে যদি দেশ বেশিদিন থাকে, তাহলে দেশের অস্তিত্ব থাকবে না। চলে যাও, চলে যাও, রেহাই দাও বাংলাদেশকে। আমাদের পরিষ্কার কথা, অবিলম্বে পদত্যাগ কর।

তিনি বলেন, সাংবাদিকরা কিছু শক্ত করে লিখতে পারেন না। আমি তাদের দোষারোপ করি না, বরং সহমর্মিতা জানাই। কারণ লিখলে তো জেল, লিখলেই তো মামলা, লিখলেই তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মৃত্যু ও হত্যা।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, মনে হচ্ছে, করোনার সঙ্গে সম্ভবত এই সরকারের একটা আঁতাত রয়েছে। সরকারের প্রচার করা মৃত ও আক্রান্তের সংখ্যা দেখুন। যখনই তাদের প্রয়োজন পড়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ে, আবার যখনই প্রয়োজন পড়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমে যায়। এই সমস্ত ভণ্ডামি করে কত দিন? ভেবেছেন অনেক তো পার পেয়েছি, এবার করোনার ওপর দিয়ে যদি কিছুদিন পার পাওয়া যায়।

মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা ইশরাক হোসেন প্রমুখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!