হেফাজতের সঙ্গে কোন সম্পর্ক নেই বিএনপির – ফখরুল হেফাজতের সঙ্গে কোন সম্পর্ক নেই বিএনপির – ফখরুল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

হেফাজতের সঙ্গে কোন সম্পর্ক নেই বিএনপির – ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

হেফাজতে ইসলাম বা তাদের কোন কর্মসূচির সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, হেফাজতে ইসলাম বা তাদের কোন কর্মসূচির সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন সম্পর্ক না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেফাজত সংশ্লিষ্ট মামলাতেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নাম জড়িয়ে তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, করোনার এই মহাদুর্যোগের মধ্যেও বাগাড়ম্বর বক্তব্য প্রদান ছাড়া সরকার জনকল্যাণে কোন কাজ না করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী নেতা কর্মীদের ওপর বেপরোয়া গতিতে জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। করোনা মোকাবেলায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার আরো বেশি আগ্রাসী পথ অবলম্বন করে বিরোধী দলকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর দিনে সরকার নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের এই ফ্যাসিবাদী নিষ্ঠুর আচরণের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এই প্রতিবাদ-বিক্ষোভ করতে গিয়েও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সরকারের সাঁড়াশী আক্রমণে পড়তে হয়েছে। ২০২১ থেকে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেপ্তারের জোরালো হিড়িক শুরু হয়েছে।

গত ১৮ মার্চ বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে মিথ্যা ও বানোয়াট অভিযোগে গ্রেপ্তার করা হয় উল্লেখ করে ফখরুল বলেন, গত ১৩ এপ্রিল পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার কারাবাস অন্যায়ভাবে দীর্ঘায়িত করা হয়েছে। আবারো তাকে নতুন মামলা মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের সামিল।

তিনি বলেন, করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে দেশের মানুষের ভাল-মন্দ তোয়াক্কা না করে কেবলমাত্র নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই সরকার বিএনপিসহ বিরোধী নেতা কর্মীদের ওপর জুলুম চালানোকে দৈনন্দিন কর্মসূচিতে পরিণত করেছে। আর লকডাউনের এই সুযোগে সরকার যেন ক্র্যাক ডাউন চালাচ্ছে। ভয়াবহ লকডাউনের মধ্যেও গ্রাম-শহর, পাড়া-মহল্লায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। কারণ সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে মুখ খুলতে না পারে।

সরকার নির্যাতন-নিপীড়ণ, গুম-খুন ইত্যাদি অপকর্মের মাধ্যমে দেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে দেশকে তারা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হচ্ছে। শুধু তাই নয়, এই সরকারের নিষ্ঠুর থাবা থেকে অন্যান্য বিরোধী দল ও মতের মানুষরাও রেহাই পাচ্ছেন না।

দেশে আজ গণতন্ত্র নেই মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই দেশের ভয়াবহ সংকটে বা জনগণের দুর্দশা লাঘবে তাদের কোন উদ্যোগ নাই। তারা নিজেদের অনৈতিক শাসন টিকিয়ে রেখে দীর্ঘকাল ক্ষমতা ভোগ করতেই দমন-নিপীড়ণের স্টিম রোলার অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!