আজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

আজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৩ জুন)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে ঢাকাস্থ শ্যামলী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নির্বাচনী এলাকা কাজিপুরে মাসব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়াও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে প্রিয় নেতার মৃত্যুবার্ষিকী পালন করবে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দ্বিতীয় সন্তান মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই জাতীয় রাজনীতিতে যাত্রা শুরু হয় তার। ১৯৮৭ সালের সম্মেলনে দলের প্রচার সম্পাদক মনোনীত হন। ১৯৯২ ও ১৯৯৭ সালের সম্মেলনে তিনি দলের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পান। এসব পদে থেকে তিনি দলকে সুসংগঠিত করতে সারাদেশ চষে বেড়ান। ২০০২ ও ২০০৮ সালে অনুষ্ঠিত দলের সম্মেলনে তাকে দলের কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য পদে রাখা হয়।

২০১২ সালের সম্মেলনে তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে এ পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্যের পাশাপাশি ১৪ দলের মুখপাত্রের দায়িত্বে ছিলেন।

মোহাম্মদ নাসিম ১৯৮৬ সালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে এই আসনে ছয়বার বিজয়ী হন তিনি। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি স্বরাষ্ট্র, গৃহায়ান ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেছেন।

গত বছরের ১ জুন রক্তচাপজনিত সমস্যায় ঢাকার শ্যামলী বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম এমপি। সেদিনই তার কোভিড-১৯ পজিটিভ আসে। ওই হাসপাতালে ১২ দিন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ১৩ জুন ঢাকায় সকাল ১১টা ১০ মিনিটে মারা যান তিনি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!