
নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
কয়েক বছরের প্রণয়কে পরিণয়ে রূপ দিয়েছেন বলিউডের হার্টথ্রব দুই অভিনয়শিল্পী সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়েন ‘শেরশাহ’ সিনেমার আলোচিত এ জুটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, অনুষ্ঠানস্থলে অতিথিদের আগমনের ঘণ্টাখানেকের মধ্যে উইকিপিডিয়ায় সিদ্ধার্থ ও কিয়ারার প্রোফাইলে ‘বিবাহিত’ শব্দটি যোগ হয়ে যায়।
গোলাপ দিবসে বিয়ের দিনে গোলাপি লেহেঙ্গা পরেন কিয়ারা, যেটি মনীষ মালহোত্রা ডিজাইন করেছেন বলে গুঞ্জন রয়েছে। বিপরীতে সিদ্ধার্থ গায়ে চাপান আইভরি শেরওয়ানি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিয়ের প্রথম ছবিতে ‘শেরশাহ’ সিনেমার সংলাপ (আব হুমারি পার্মানেন্ট বুকিং হোগায়ি হ্যায় বা এখন আমরা স্থায়ীভাবে পরস্পরের) জুড়ে দেয় এ জুটি।
তারা আরও লেখেন, ‘আগামীর পথচলায় আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই।’
এর আগে সোমবার গায়ে হলুদ হয় তারকা এ জুটির। এ আয়োজনে দিনে ছিল মধ্যাহ্নভোজ। আর সন্ধ্যায় বসে জমজমাট গানের আসর। ওই আয়োজনে পরিবেশন করা হয় ‘রানজা’, ‘কাভি তুমহে’, ‘তেরা বান জাউঙ্গা’, ‘মেহেন্দি লাগাকে রাখনা’র মতো জনপ্রিয় গান।
কঠোর নিরাপত্তার মধ্যে এসব আয়োজনের বেশ কিছু ছবি নেট দুনিয়ায় ছেড়ে দেয় পাপারাজ্জিরা।
সিদ্ধার্থ, কিয়ারার বিয়েতে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠজন, পরিবারের সদস্য ও বলিউডের সহকর্মীরা। বিয়ের অনুষ্ঠানে দেখা যায় করণ জোহর, শহিদ কাপুর ও তার স্ত্রী মিরা রাজপুত, জুহি চাওলাসহ অনেককে।
দীর্ঘদিন ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। কখনোই তারা প্রকাশ্যে প্রেমের বিষয়টি জানাননি। ২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমায় অভিনয়ের সময় তারা প্রেমে পড়েন বলে ধারণা করেন অনেকে।
পাঞ্জাবি ঐতিহ্য মেনে বিয়ের আয়োজন হয় এ জুটির। নিমন্ত্রিতদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয় ৮০টি বিলাসবহুল ঘরের।
অতিথিদের যাতায়াতের জন্য ছিল ৭০টি বিলাসবহুল গাড়িও, যেগুলোর মধ্যে রয়েছে মার্সেডিজ, জাগুয়ার, বিএমডব্লিউ।