
নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ার আগে কিছু কৌশলের কথা বলে গিয়েছিলেন কোচ জেমি ডে। কিন্তু দোহায় যেয়ে সেই কৌশলই বদলে ফেলেছেন বাংলাদেশের কোচ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রক্ষণভাগে শক্তি বাড়াতে চেয়েছিলেন তিনি।
কিন্তু আফগানিস্তানের তিন মিডফিল্ডারদের দেখে নতুন কৌশলে এবার মিডফিল্ডারদের শক্তি বাড়াতে চান জেমি। দলীয় সূত্রে আজকের ফরমেশনটা হতে যাচ্ছে ৪-২-৩-১।
২০১৯ সালের সেপ্টেম্বরে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বে ১-০ গোলে হারা ম্যাচে এই কৌশলেই খেলেছিল বাংলাদেশ। প্রায় দুই বছরের ব্যবধানে সেই ম্যাচের একাদশ থেকে আজ থাকতে পারেন মাত্র চারজন। তারা হলেন ডিফেন্ডার রহমত মিয়া, মিডফিল্ডার জামাল ভূঁইয়া, সোহেল রানা এবং উইঙ্গার বিপলু আহমেদ।
আজ আনিসুরের সামনে দুই সেন্টারব্যাক হিসেবে জুটি বাঁধবেন তপু বর্মণ ও রিয়াদুল হাসান। লেফটব্যাক রহমত মিয়া আর রাইটব্যাক তারিক কাজী। আজকের ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে ফিনল্যান্ডপ্রবাসী তারিকের অভিষেক হতে যাচ্ছে।
মিডফিল্ডে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া আর মাসুক মিয়া। ২০১৯ সালে এই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই চোট নিয়ে দল থেকে ছিটকে পড়েছিলেন মাসুক। সেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বাছাইয়ের দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। আক্রমণভাগের বাঁ প্রান্তে রাকিব হোসেন ও ডান প্রান্তে থাকবেন বিপলু আহমেদ। এই দুজনের মাঝে প্লেমেকার হিসেবে সোহেল রানা। আর সবার সামনে মূল স্ট্রাইকার হিসেবে মতিন মিয়া।
৪-২-৩-১ ফরমেশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
আনিসুর রহমান, তপু বর্মণ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া, সোহেল রানা, রাকিব হোসেন, বিপলু আহমেদ ও মতিন মিয়া।