
স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো.ইমন শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গোফাডাঙ্গা গ্রমের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। ইমন শেখ লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোফাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে মোটরসাইকেল কেনার বায়না করে ইমন। তবে তার পরিবারের লোকজন মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে প্রতিদিনের মত ঘরে ঘুমাতে চলে যায়। পরে বুধবার সকালে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্তায় তার মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।