
স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় খাজা মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের পার-ইছাখালি গ্রামের নবাব মোল্যার ছেলে।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে খাজা মোল্যা নামে ওই ব্যক্তি নিজ বাড়ি থেকে চা পানের উদ্দেশ্যে কুমারডাঙ্গা বাজারে যান। সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের পলাশের লোকজন ধারালো অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউল এর দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে।পরে দেশীয় অস্ত্রদিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখ এর সাথে এ অভিযোগের ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।