
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে সদক দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের সহকারী নিহত হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কের হাওয়াইখালি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী সেতুর সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। প্যাকেটজাত ডালডা বোঝাই ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।