
স্টাফ রিপোর্টার, নড়াইল
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত ১৫ বছর মানুষের মনে শান্তি ছিলনা, যার কারনে মানুষ তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যেতে বসেছিল। মানুষের মনে কোন শান্তি ছিলনা। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মানুষের মনে শান্তি ফিরে এসেছে। তাই সারা দেশে ষাঁড়ের লড়াই, নৌকাবাইচসহ বিভিন্ন প্রকার আনন্দ উৎসবে দেশবাসী মেতে উঠেছে।আগামীতে এ উৎসব অব্যহত থাকবে।
নড়াইলের কালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার কালিয়া উপজেলার রঘুনাথপুর নবীন যুব সংঘের আয়োজনে রঘুনাথপুর বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাই বিভিন্ন জেলার ৩০টি ষাঁড় অংশগ্রহণ করে।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
এ সময় কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহায়িদুজ্জামান মিলু, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র-সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, রঘুনাথপুর নবীন যুব সংঘের আয়োজক সায়েবুজ্জামান তোহা, হাসিফ শেখ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
প্রতিযোগিতা শেষে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে ৫০০০ টাকা প্রদান করা হয়।
সামাদ হোসেন বলেন, আমি সহ আমাদের গ্রাম থেকে অনেকে এসেছি, এক সাথে ষাঁড়ের লড়াই দেখেছি৷ ষাঁড়ের লড়াই দেখার আনন্দ আলাদা তবে বৃষ্টি না হলে আরো সুন্দর ভাবে এ প্রতিযোগিতা উপভোগ করতে পারতাম৷

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
রঘুনাথপুর নবীন যুব সংঘের আয়োজক সায়েবুজ্জামান তোহা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই হারিয়ে যেতে বসেছে। আমাদের নতুন প্রজন্ম এসব প্রতিযোগিতা দেখেনি। তাই আগামী প্রজন্মের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা-ধুলা ছড়িয়ে দিতেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই এর আয়োজন করা হয়েছে।