প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:১৯ এ.এম
লোহাগড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজাকে হত্যার পরিকল্পনা করেন চাচা

স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় জড়িত শিপন শেখ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
গ্রেফতার শিপন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, নিহত সালমান খন্দকারের গ্রামের একটি হত্যা মামলার পাল্টা মামলা করার জন্য এবং প্রতিপক্ষকে ফাঁসাতে সালমানের চাচা রিপন খন্দকারসহ কয়েকজন পরিকল্পনা করেন। এ পরিকল্পনা অনুযায়ী রিপন ও নয়ন নামের আরও দুইজন শিপনকে অর্থের প্রলোভন দিয়ে হত্যায় অংশ নিতে উদ্বুদ্ধ করে। ঘটনার রাতে রিপন নিজেই ভাতিজা সালমানকে ঘটনাস্থলে ডেকে নেয়। পরে ৮–৯ জন মিলে সালমানকে নির্মমভাবে হত্যা করা হয়।
ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেফতার শিপন শেখের বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া হত্যায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ মে শুক্রবার সকালে লোহাগড়ার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে যুবদল নেতা সালমান খন্দকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১১ মে নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
Copyright © 2026 Narailnews24.com-নড়াইল নিউজ ২৪. All rights reserved.