নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নের চরবড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ওই এলাকার প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করে সামনে গেলে যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে মুচরে কিছুদূর নিয়ে যায়। এতে সিএনজির সকল যাত্রী মারা যায়। নিহত সকল যাত্রী ফুলপুর উপজেলার বাইটকান্দি গ্রামের বলে জানা গেছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মাইন উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর বড়বিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।