প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ১১:৫৩ এ.এম
নড়াগাতীতে অবৈধ ট্রলি চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, আহত ১
স্টাফ রিপোর্টার, কলিয়া, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। এসময় ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হন।
জানাগেছে, কালিয়া উপজেলার বড়কালিয়া গ্রামের জাফর ও তার স্ত্রী মর্জিনা বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতীর থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে স্বামী-স্ত্রী ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বস্থ্যক কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রলিচালক কালিয়ার সালামাবাদ ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের বিশ্বজিতকে স্থানীয় জনতা আটক করলেও পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় তিনি পালিয়ে গেছেন বলে জানান এলাকাবাসী।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জাফর ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে।
Copyright © 2026 Narailnews24.com-নড়াইল নিউজ ২৪. All rights reserved.