স্টাফ রিপোর্টার, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস উল্টে দুই যাত্রী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার সুয়াদী সিসিবিএল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি মহাসড়কের সুয়াদী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় বাসে থাকা আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস সুয়াদী এলাকায় উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।