প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১১:১০ এ.এম
নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র্যাবের কঠোর নিরাপত্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬। নির্বাচনী এলাকায় টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার বিকেলে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৬ সিপিসি-৩ যশোরের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।
তিনি জানান, নড়াইলের দুইটি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় অফিসারসহ দুইটি টহল দল নিরলসভাবে দায়িত্ব পালন করছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা টহল আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
নির্বাচনকে কেন্দ্র করে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।
স্কোয়াড কমান্ডার মো. রেজাউল হক বলেন, “নির্বাচনী এলাকার ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে নড়াইল ক্যাম্পের চারটি টহল দল সার্বক্ষণিক মাঠে কাজ করছে। ভোটাররা যেন কোনো ধরনের ভয় বা জড়তা ছাড়াই কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা উশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিহত করতে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা অস্বাভাবিক কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে র্যাব বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Copyright © 2026 Narailnews24.com-নড়াইল নিউজ ২৪. All rights reserved.