স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। এসময় এক দোকানি অগ্নিদগ্ধ হয়েছে। স্থানীয়রা তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার গোবরা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সাইফুল ইসলাম গোবরা বাজারের মুদি ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, দোকান থেকে মালামাল বের করার সময় মুদি দোকানি সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
নড়াইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।